ভোটের ময়দানে আলোড়ন: আ.লীগকে রাজনীতির সুযোগ দেওয়ার প্রতিশ্রুতি বিএনপি প্রার্থীর
নির্বাচনী উত্তাপের মাঝেই যশোর-৫ (মনিরামপুর) আসনে বিএনপি প্রার্থী রশীদ আহমাদের এক বক্তব্য ঘিরে নতুন বিতর্কের জন্ম দিয়েছে।
নির্বাচনী পথসভায় তিনি বলেন, তারেক রহমান প্রধানমন্ত্রী হলে আওয়ামী লীগকে আবার রাজনীতির সুযোগ দেওয়া হবে।
এই মন্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়তেই রাজনৈতিক অঙ্গনে সমালোচনার ঝড় ওঠে।
হিন্দু অধ্যুষিত ভবদহ এলাকায় প্রচারণাকালে রশীদ আহমাদ বলেন, যেহেতু এবারের নির্বাচনে আওয়ামী লীগকে ভোট দেওয়ার সুযোগ নেই, তাই স্থানীয় ভোটারদের ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি।
তার এই বক্তব্যের ভিডিও দ্রুত ভাইরাল হয়।
রশীদ আহমাদ আগে জমিয়তে উলামায়ে ইসলামের (একাংশ) জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব ছিলেন।
বিএনপির শরীক দল হিসেবে মনোনয়ন পাওয়ার পর তিনি দলটি থেকে পদত্যাগ করে বিএনপির প্রাথমিক সদস্য হন।
তিনি প্রয়াত মুফতি মো. ওয়াক্কাসের ছেলে।
ভিডিওতে তাঁকে আরও বলতে শোনা যায়, জিয়াউর রহমান ক্ষমতায় এসে নিষিদ্ধ রাজনৈতিক দলগুলোকে রাজনীতির সুযোগ দিয়েছিলেন—সে উদাহরণ টেনেই তারেক রহমানের নেতৃত্বে আওয়ামী লীগ পুনরায় রাজনীতিতে ফিরতে পারবে বলে আশা প্রকাশ করেন তিনি।
তবে নিষিদ্ধ ফ্যাসিস্ট আওয়ামী লীগের রাজনীতিতে ফেরানোর এমন বক্তব্যে সামাজিক যোগাযোগমাধ্যমে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।
সচেতন মহলের মতে, এটি রাজনৈতিক বাস্তবতাবিবর্জিত ও ভোটের হিসাব কষে দেওয়া প্রতিশ্রুতি।
এ বিষয়ে রশীদ আহমাদ বলেন, তাঁর বক্তব্য নিরপরাধ আওয়ামী লীগ নেতাকর্মীদের উদ্দেশে ছিল।
বিএনপি ও দেশনায়ক তারেক রহমান প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাস করেন না—সে কথাই বোঝাতে চেয়েছেন।
তবে তাঁর দাবি, প্রতিপক্ষরা বিষয়টিকে ভিন্নভাবে ব্যবহার করে ভোটের মাঠে ফায়দা লুটতে চাইছে।