রাজনৈতিক দলগুলোর প্রতি মানুষের প্রত্যাশা অনেক: প্রধানমন্ত্রী তারেক রহমান
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ১২ ফেব্রুয়ারির নির্বাচনের মাধ্যমে দেশে নতুন করে গণতন্ত্রের যাত্রা শুরু হয়েছে।
এই গণতন্ত্র ফিরিয়ে আনতে দেশের মানুষ এক যুগের বেশি সময় ধরে নিপীড়ন, নির্যাতন, গুম ও খুনের শিকার হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।
শনিবার বিকেলে রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জামায়াতে ইসলামীর ইফতার মাহফিলে যোগ দিয়ে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।
তিনি বলেন, হাজারো ত্যাগের বিনিময়ে দেশের মানুষ বাক্স্বাধীনতাসহ
গণতান্ত্রিক অধিকার ফিরে পেয়েছে, যার জন্য আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করা উচিত।
প্রধানমন্ত্রী আরও বলেন, দেশের মানুষ বিশেষ করে রাজনৈতিক দলগুলোর দিকে অনেক আশা ও প্রত্যাশা নিয়ে তাকিয়ে আছে।
তিনি সবাইকে দেশের মানুষের কল্যাণে কাজ করার অঙ্গীকার করার আহ্বান জানান।
এর আগে ইফতার মাহফিলে পৌঁছালে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানসহ জামায়াতে ইসলামীর শীর্ষ নেতারা প্রধানমন্ত্রীকে স্বাগত জানান।
অনুষ্ঠানে মন্ত্রিসভার সদস্য, বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, পেশাজীবী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।