পেছনের ইতিহাসে নয়, ঐক্যের রাজনীতিতে অঙ্গীকার: জামায়াত আমির
জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, অতীতের ইতিহাস ঘেঁটে কামড়াকামড়ির রাজনীতি আর করা হবে না।
ঐক্য ও ন্যায়ভিত্তিক রাজনীতির ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, ‘কে দুধে ধোয়া আর কে তুলসীপাতায়—টান দিলে সবার গা থেকেই দুর্গন্ধ বের হয়।
আমরা সবাই একই বাগানের ভিন্ন ভিন্ন ফুল।’
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় নাটোরের নবাব সিরাজ–উদ্–দৌলা সরকারি কলেজ মাঠে ১১-দলীয় নির্বাচনী ঐক্যের জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
ডা. শফিকুর রহমান বলেন, মুসলমান, হিন্দু, বৌদ্ধ ও খ্রিষ্টান—সবাই মিলে বাংলাদেশ। ধর্মের ভিত্তিতে কাউকে তার অধিকার থেকে বঞ্চিত করা হবে না। সবাই নিরাপদে ও সম্মানের সঙ্গে বসবাস করবে—এটাই তাঁদের লক্ষ্য।
দেশের অর্থনীতি প্রসঙ্গে তিনি অভিযোগ করেন, প্রায় ২৮ লাখ কোটি টাকা বিদেশে পাচার হয়েছে। ক্ষমতায় এলে সেই অর্থ উদ্ধার করে রাজকোষে জমা দেওয়ার অঙ্গীকার করেন তিনি।
বণ্টনের ক্ষেত্রে কোনো আত্মীয়তা, প্রভাব বা ক্ষমতার পরিচয় বিবেচনায় নেওয়া হবে না বলেও জানান।
তিনি বলেন, ‘বাংলাদেশ ভালো থাকলেই আমরা ভালো থাকব। গত ৫৪ বছরে যারা দেশ শাসন করেছে, তাদের শাসনের ফলাফল জনগণ দেখেছে।’
তরুণ প্রজন্ম ইতিমধ্যে ন্যায় ও সত্যের পক্ষে অবস্থান নিয়েছে বলেও দাবি করেন জামায়াত আমির।
নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় জানিয়ে তিনি বলেন, মদিনার আদলে শান্তি ও সাম্যের সমাজ প্রতিষ্ঠাই তাঁদের লক্ষ্য—যেখানে নারীরা ঘরে ও বাইরে নিরাপদে চলাফেরা ও কর্মস্থলে দায়িত্ব পালন করতে পারবেন।
জনসভা শেষে নাটোরের চারটি সংসদীয় আসনে ১১-দলীয় ঐক্যের প্রার্থীদের পরিচয় করিয়ে দেন ডা. শফিকুর রহমান।