মাতৃভাষা দিবসে স্মারক ডাকটিকিট উন্মোচন, তেজগাঁও কার্যালয়ে প্রধানমন্ত্রীর প্রথম দাপ্তরিক কর্মসূচি
Mousumi Nargis lucky |
প্রকাশ: ২১ ফেব্রুয়ারি ২০২৬, ১৫:২১
মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস–২০২৬ উপলক্ষে বিশেষ স্মারক ডাকটিকিট উন্মোচন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
শনিবার সকালে রাজধানীর তেজগাঁওয়ে অবস্থিত প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে এই ডাকটিকিট অবমুক্ত করা হয়।
নবনিযুক্ত প্রধানমন্ত্রী হিসেবে এটি ছিল তেজগাঁও কার্যালয়ে তার প্রথম আনুষ্ঠানিক দাপ্তরিক কার্যক্রম।
সকালে কার্যালয়ে পৌঁছালে তাকে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়।
তিনি সেখানে কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং পূর্বে দায়িত্ব পালনকারী অনেককে নাম ধরে খোঁজখবর নেন।
তার আন্তরিক উপস্থিতিতে দপ্তরের পরিবেশে প্রাণচাঞ্চল্য ফিরে আসে।
দাপ্তরিক কাজ শুরুর আগে প্রধানমন্ত্রী কার্যালয় প্রাঙ্গণে একটি স্বর্ণচাঁপা গাছের চারা রোপণ করেন এবং দেশ ও জাতির শান্তি-সমৃদ্ধি কামনায় বিশেষ মোনাজাতে অংশ নেন।
পরে স্মারক ডাকটিকিট উন্মোচন শেষে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে সংক্ষিপ্ত মতবিনিময় করে গুরুত্বপূর্ণ প্রশাসনিক দিকনির্দেশনা দেন তিনি।
ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন দিয়ে দাপ্তরিক কার্যক্রম শুরুর এই উদ্যোগকে
ইতিবাচক হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। প্রধানমন্ত্রীর প্রত্যাবর্তনের মধ্য দিয়ে তেজগাঁও কার্যালয়ে নতুন করে প্রশাসনিক গতিশীলতা ফিরে এসেছে বলে মনে করছেন কর্মকর্তা-কর্মচারীরা।